কেরানীগঞ্জে অবৈধ ছয়টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জের ব্রাম্মনগাঁও, কোন্ডা ও জাজিরা এলাকায় সোমবার ভ্রাম্যমাণ আদালত অবৈধ ছয়টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে এবং ৪৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে। পরিশেষ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানসিক আহমেদ জানান, সুজন এন্টারপ্রাইজ, আবিদ, আলমগীর ও মুখলেস এন্টারপ্রাইজসহ ছয়টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধ কাঠ ও টায়ারের রাবার পুড়িয়ে কেরানীগঞ্জসহ রাজধানীর পরিবেশকে দূষিত করে আসছে।

পরিবেশ অধিদপ্তরের তালিকা অনুযায়ী দেখা যায়, কেরানীগঞ্জে শতাধিক অবৈধ ইটভাটা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন সময় ইটভাটা মালিকদের একাধিক নোটিশ দিয়েও অবৈধ ইটভাটাগুলো বন্ধ করতে পারেনি। সোমবার বাকি অবৈধ ইটভাটাগুলোকে আগামী এক মাসের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য মালিকদের অনুরোধ জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা। এ উচ্ছেদ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও র্যাব-১০-এর সদস্যরা সহায়তা দেন।