স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় ৫ থেকে ১০ দিন যাবত্ আটকে আছে ভারতীয় চাল বোঝাই শতাধিক ট্রাক। আমদানিকারকরা চাল খালাস না করায় দুর্ভোগে পড়েছেন ভারতীয় ট্রাক চালকরা। খাবারসহ বিভিন্ন সমস্যার মধ্যে তার দিনাতিপাত করছেন।
সোমবার সকালে হিলি স্থলবন্দরে এসব ট্রাকচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ৫ থেকে ১০ দিন ধরে তারা এই বন্দরে চাল নিয়ে এসেছেন। বন্দরের ভেতরে প্রায় শতাধিক চালের গাড়ি লোড অবস্থায় রয়েছে। চালক এবং হেলপাররা দুই থেকে তিন দিনের খাদ্যসামগ্রী সঙ্গে করে নিয়ে এসেছিল। বর্তমানে তাদের কাছে কোনো খাবার নেই, টাকাও ফুরিয়ে গেছে। চাল আমদানিকারকরা তাদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করছেন না। বন্দর কর্তৃপক্ষও তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য গেটের বাইরে বের হতে দিচ্ছে না। সবমিলিয়ে তারা এক মানবেতর জীবন-যাপন করছেন।
ভারতীয় ট্রাকচালক রতন রায় বলেন, আমি ১০ দিন আগে চাল নিয়ে এসেছি। চালের পার্টির কোনো খোঁজ-খবর নেই। খাবার-দাবার যা সঙ্গে ছিল তাও অনেক আগে শেষ হয়ে গেছে। এখন খুবই কষ্টে আছি।