প্রস্তুতি ম্যাচে রান পেলেন মিঠুন-মুশফিক

তামিমের ঊরুতে টান

 স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামার আগে ম্যাচের আবহে ব্যাটিং অনুশীলনের সুযোগটা কাজে লাগিয়েছেন ব্যাটসম্যানরা। বড় স্কোর না এলেও ব্যাটসম্যানদের প্রস্তুতিটা খারাপ হয়নি। কুইন্সটাউনের জন ডেভিস ওভালে গতকাল প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

তামিম একাদশের হয়ে খেলা মিঠুন সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেছেন। নাজমুল একাদশের মুশফিক অপরাজিত ৫৪, স্বেচ্ছা অবসরে যাওয়ার আগে লিটন ৫৯ রান করেন। এছাড়াও মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মিরাজ, নাজমুল শান্তরাও রান পেয়েছেন। ম্যাচটা অবশ্য জিতেছে নাজমুল একাদশ। ৯ উইকেটে হেরেছে তামিম একাদশ। যদিও উরুতে টান পড়ায় গতকাল প্রস্তুতি ম্যাচটা খেলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

জানতে চাইলে গতকাল কুইন্সটাউনে বাংলাদেশ দলের সঙ্গে থাকা সফরের পর্যবেক্ষক বিসিবি পরিচালক জালাল ইউনুস বলেছেন, ‘তামিম আজ (গতকাল) ম্যাচটা খেলেনি। ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। বড় কিছু না, একটু অস্বস্তিবোধ করছিল তাই। মোসাদ্দেক হাঁটুতে ব্যথা পেয়েছিল। ও সেরে উঠছে ধীরে ধীরে।’

পাঁচ দিনের ক্যাম্প শেষ, আজ কুইন্সটাউন ছেড়ে ডানেডিনে চলে যাবে বাংলাদেশ দল। জালাল ইউনুস বলেছেন, ‘আমরা কাল (আজ) সকালে ডানেডিনে চলে যাব।’ আগামী ২০ মার্চ ডানেডিনেই সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে তামিম ইকবালের দল।

গতকাল প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেট ২৩৩ রান তুলেছিল তামিম একাদশ। নাঈম শেখ ১২, সৌম্য ২৮, মাহমুদউল্লাহ ৩৫, শেখ মেহেদী ৩৮, মিঠুন অপরাজিত ৬৬, বেনজি কালহানে অপরাজিত ৪৬ রান করেন। রুবেল ৪টি, সাইফউদ্দিন ১টি উইকেট নেন। জবাবে ৪৬.৫ ওভারে ১ উইকেটে ২৩৫ রান তুলে ম্যাচ জিতে নেয় নাজমুল একাদশ। স্বেচ্ছা অবসর নেওয়া নাজমুল শান্ত ৪০, লিটন ৫৯, মিরাজ ৫০ রান করেন। মুশফিক ৫৪, সাইফউদ্দিন ১৬ রানে অপরাজিত ছিলেন। মুস্তাফিজ পান ১টি উইকেট। প্রস্তুতি ম্যাচের পাফরম্যান্স বোলার, ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস যোগাবে বলেই বিশ্বাস মিরাজের। গতকাল ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘সবাই খুব ভালো উত্ফুল্ল হয়ে ম্যাচটা খেলেছে। বিশেষ করে বোলাররা, খুব ভালো জায়গায় বল করছে। ব্যাটসম্যানরা খুব আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করছে। আমি মনে করি, এই প্র্যাকটিস ম্যাচটা আমাদের খুব আত্মবিশ্বাস দেবে।’