স্টাফ রিপোর্টার, রংপুর
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ক্রিকেটার শাহরিয়ার কবির শুভ মারা গেছেন। প্রায় এক মাস চিকিত্সাধীন থাকার পর গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) ভোরে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গতকাল রংপুরসহ দেশের ক্রিকেটাঙ্গনে খবরটি ছড়িয়ে পড়ে সিনিয়র ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভর ফেসবুক পোস্টের মাধ্যমে। অভিজ্ঞ এ ক্রিকেটার লিখেছেন, প্রয়াত শাহরিয়ার কবির শুভ বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলের ছিলেন। এছাড়াও শাহরিয়ার কবির শুভর মৃত্যুর খরবটি গতকাল নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী শুভর বাবা ও রংপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রশীদ বাবু। জানা গেছে, ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের অনুষ্ঠান থেকে বন্ধুর বাসায় ফেরার পথে বসুন্ধরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন অকালপ্রয়াত শুভ। মোটরসাইকেলে থাকা অপর আরোহী সোহানও আহত হন। প্রথমে শাহরিয়ারকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিত্সার জন্য তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল বাদ আসর রংপুরে জুম্মাপাড়া করিমীয়া নুরুল উলুম মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজার পর স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়।