মুজিববর্ষ এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশে বীর নিবাস নির্মাণ করা হবে। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহিদ বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের ৬৪টি জেলার সব উপজেলা ও মহানগরে সর্বমোট ৩০ হাজার বীর নিবাস নির্মাণ করা হবে। গতকাল মঙ্গলবার ৪ হাজার ১২২ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এনইসিতে সংবাদ সম্মেলনে পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী সাংবাদিকদের জানান, সারা দেশে ৩০ হাজার বীর নিবাস তৈরির পরিকল্পনা করা হয়েছে। গতকাল একনেক সভায় মোট সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে তিনটি সংশোধিত। নতুন প্রকল্পে বরাদ্দ এবং সংশোধিত প্রকল্পে বাড়তি বরাদ্দ মিলিয়ে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬১৯ কোটি ৪৬ লাখ টাকা। সভায় জানানো হয়. স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চলতি বছর কাজ শুরু করে ২০২৫ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর ফলে গ্রামীণ জনগণের জন্য গ্রাম, বাজার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে যাতায়াত সুবিধা বাড়বে। সেই সঙ্গে জীবনযাত্রার মানোন্নয়ন এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।