৩০টি অনিয়ম তদন্তে হাবিপ্রবিতে ইউজিসি প্রতিনিধি দল

দুর্নীতি দমন কমিশনে দায়ের করা দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাত্সহ প্রায় ৩০টি অনিয়মের অভিযোগের তদন্ত করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত সোমবার হাবিপ্রবিতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা তদন্ত শেষে ফিরে গেছে ইউজিসির তদন্তকারী দল। তদন্ত টিমের আহ্বায়ক ইউজিসির সদস্য প্রফেসর ড. বিশ্বজিত্ চন্দের নেতৃত্বে চার সদস্যের একটি দল গত সোমবার হাবিপ্রবিতে আসেন এবং বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন। এসময় তারা যাদের বিরুদ্ধে এসব অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তাদের সাক্ষাত্কার গ্রহণ এবং প্রমাণাদিসহ কাগজপত্র সংগ্রহ করেন। এছাড়াও প্রায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেন।