বিসিএস পরীক্ষা পেছানোর রিট খারিজ

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পরীক্ষার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। বিসিএস পরীক্ষা গ্রহণ নিয়ে পিএসসির মতামত জানানোর পর বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে অ্যাডভোকেট রবিউল আলম বুদু ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। তিনি বলেন, বিসিএস পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। দেশের সব কেন্দ্রে পরীক্ষার উপকরণ পাঠানো হয়েছে। এ অবস্থায় পরীক্ষা পেছানো সম্ভব নয়।

অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি বলেন, রিট আবেদন খারিজ হয়েছে। তবে আদালত যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বিসিএস পরীক্ষা নিতে বলেছে।