সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, ব্রিটেনের রাজপরিবারের সদস্য প্রিন্সেস মেগানের সাক্ষাত্কার খুবই হূদয়বিদারক। তার অভিজ্ঞতালব্ধ সাক্ষাত্কার থেকে বিশ্বের শিক্ষা নেওয়া উচিত। এর আগে আরেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন মেগানের প্রতি রাজপরিবারের আচরণের নিন্দা জানিয়েছিলেন। খবর রয়টার্সের
প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল মার্কিন জনপ্রিয় উপস্থাপক অপরা উইনফ্রেকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন, রাজপরিবারের এক সদস্য তাদের সন্তান আর্চির জন্মের আগেই গায়ের রং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এ সম্পর্কে মিশেল ওবামা এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, এই বিষয়টি শুনতে আমার হূদয় ভেঙে যাচ্ছিল। মেগান নিজেকে রাজপরিবারের সদস্য বলেই মনে করত। কিন্তু সেই পরিবার তাকে ভিন্ন চোখে দেখত। মিশেল বলেন, বর্ণবাদ তথা গায়ের রংয়ের বিষয়টি বিশ্বে নতুন কিছু নয়। তাই এটা শুনে খুবই আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে এটা একটা পরিবারেই আছে সেটা নিয়েই আমার ভাবনা। আমি আশা করি, তাদের এই অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিতে পারব।