একুশে পদক প্রাপ্তিতে ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা

দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। একাধারে বাংলা উচ্চারণ বিশেষজ্ঞ, আবৃত্তি শিল্পী, নাট্যাভিনেতা ও লেখক। আবার তালিকাভুক্ত শিল্পী হিসেবে কাজ করেছেন বেতার ও টেলিভিশনে। নির্দেশনা দিয়েছেন অনেক বিখ্যাত মঞ্চ নাটকেও। বাংলাদেশ বেতারে ১৯৭০ সাল থেকে এবং বাংলাদেশ টেলিভিশনে ১৯৭৬ সাল থেকে তালিকাভুক্ত অভিনয় শিল্পী হিসেবে অভিনয় করে যাচ্ছেন অদ্যাবধি।

তিনি বাংলা ভাষা ও সংস্কৃতির জন্য কাজ করে এমন একটি সমিতি, দিল্লিভিত্তিক সংগঠন আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতির সিনিয়র সহ-সভাপতি। নাটক, অভিনয়, আবৃত্তি তথা সংস্কৃতির সব ক্ষেত্রে অবাদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার  এবং এবার আবৃত্তিতে পেলেন একুশে পদক।

সম্প্রতি রাজধানীর পান্থপথের লাজ কনভেনশন হলে এই গুণী মানুষটিকে আন্তর্জাতিক বাংলা ভাষা-সংস্কৃতি সমিতির (দিল্লি) বাংলাদেশ শাখার পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতেই ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের জীবনবৃত্তান্ত তুলে ধরেন সমিতির সাধারণ সচিব কবি ও সাংবাদিক নাসির আহমেদ। এরপর ফুল ও উত্তরীও দিয়ে বরণ করা হয় এই শিল্পীকে।সমিতির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন সংগঠনের উপদেষ্টা কথাসাহিত্যিক রহমার মোহাম্মদ লুতফর। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি মাসুদ করিম।

ভাস্বর বন্দ্যোপাধ্যায় তার এই অবস্থানে আসার পেছনে নিজের জীবনের অনেক অতীত ইতিহাস তুলে ধরেন। তাকে সংবর্ধনা জানানোর জন্য তিনি সমিতির সবাইকে ধন্যবাদ জানান।

এসময় অনলাইনে সমিতির দিল্লির কেন্দ্রীয় কার্যালয়সহ শিলিগুড়ি, কল্যাণী, ত্রিপুরা, কলকাতা শাখার সদস্যগণ সংযুক্ত হন।

ইত্তেফাক/বিএএফ