বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বিচার দাবি করে সংগঠনটির পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে সংগঠনটি বিবৃতি দেয়। ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিচার দাবি করা হয়।
এদিকে বিচার দাবির এক ঘণ্টা পর বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রউফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। রউফ ছাত্রলীগ নেতা তাকবীর ইসলাম খানের ওপর হামলা মামলার প্রধান আসামি। তিনি বর্তমানে পলাতক বলে জানিয়েছে পুলিশ।
বিচার দাবি করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাকবির ইসলাম খানের অকাল মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তাকবীর ইসলাম খানের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে ছাত্রলীগ।
এর আগে গত ১১ মার্চ (বৃহস্পতিবার) প্রতিপক্ষের হামলায় আহত হন বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান। ওইদিন রাতে হামলার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার পাঁচদিন মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে হাসপাতালেই মারা যান তিনি।
ইত্তেফাক/এএএম