'বাংলা নিজের মেয়েকেই চায়' মঞ্চে মমতা

গোপীবল্লভপুরের পর লালগড়ে বিধানসভা নির্বাচনের প্রচারণায় এবার হুইল চেয়ারে বসে মঞ্চে বক্তব্য রাখলেন মমতা। তিনি বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে অশান্তি তৈরি করেছে। 

২০১৯এর লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম কেন্দ্র থেকে বিজেপি জিতেছিল। সেই প্রসঙ্গ টেনে মমতা বললেন, ‘‘‘বিজেপি জেতার পর দু’বছর কেটে গিয়েছে। ওরা কি কিছু করছে?’’

মমতা প্রশ্ন করে বলেন, ‘‘ওরা কি চাকরি দিয়েছে, হাসপাতাল করেছে? কলেজ করেছে? স্কুল করেছে? কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প দিয়েছে?’’

‘‘কিন্তু আমি আসার পর ৩২ হাজার ছেলেমেয়েকে হোমগার্ডের চাকরি দিয়েছিলাম। তাদের অনেককেই এখন জুনিয়র কনস্টেবলের পদে উন্নীত করা হয়েছে।’’

অনেক সিভিকদের চাকরি দেওয়া হয়েছে। প্যারা টিচার নিয়োগ করা হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় দিয়েছি। স্টেডিয়াম দিয়েছি। আগামীদিনে আরও করব। ইংলিশ মিডিয়াম স্কুল হবে। যাতে এখানকার ছেলেমেয়েরা ভালভাবে পড়াশোনা করতে পারে।

তৃণমূল কর্মীদের প্রতি মমতা নির্দেশ, ‘‘আগে যা কাজ করতেন তার চারগুণ বেশি কাজ করতে হবে।’’ ‘‘এটা একটা বড় রাজনৈতিক যুদ্ধ। বিজেপি-কে যদি রাজ্য থেকে দেশ থেকে সরাতে হয় তবে বাংলা থেকে লড়াইয়ের ডাক দিতে হবে।’’

ইত্তেফাক/এএইচপি