ইএমএ জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে রক্ত
জমাট বাঁধার কোনো সম্পর্ক নেই
বিবিসি ও রয়টার্স
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ইস্যুতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ইউরোপের দেশগুলো। কয়েকটি দেশ ইতিমধ্যে এই টিকা প্রয়োগ বন্ধ করে দিলেও বেশকিছু দেশ টিকা প্রয়োগ অব্যাহত রেখেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পর ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন্স রেগুলেটর ইএমএ থেকেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার কোনো সম্পর্ক থাকার ইঙ্গিত নেই বলে জা?নানো হয়েছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের সহায়তায় তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর বেশ কয়েকজনের শরীরে রক্ত জমাট বাঁধার অভিযোগে জার্মানি, ইতালি, স্পেন ও ফ্রান্সসহ ইউরোপের ১৩টি দেশের ব্যবহার স্থগিত করেছে। তারা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রক সংস্থার প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে। তবে পোল্যান্ড এবং বেলজিয়ামসহ ইউরোপের অন্যান্য দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ অব্যাহত রেখেছে। মঙ্গলবার ইএমএ জানায়, অ্যাস্ট্রাজেনেকার টিকায় এখনো তাদের ‘দৃঢ় বিশ্বাস’ রয়েছে। ইএমএ প্রধান ইমার কুক উল্লেখ করেন, কয়েকটি দেশে রক্ত জমাট বাঁধার যে খবর পাওয়া গেছে সাধারণ মানুষের মধ্যে এটি তুলনামূলক সাধারণ ঘটনা। তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে জোর দিয়ে বলতে চাই টিকা দেওয়ার কারণে রক্তে জমাট বেঁধেছে এর কোনো প্রমাণ নেই।’ তার এই বক্তব্য ‘ইতিবাচক’ বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাত্রেঁদ্ধা এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।
ডব্লিউএইচও থেকেও এই টিকা দান স্থগিত না করার অনুরোধ করা হয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার নিরাপত্তা পর্যবেক্ষণে মঙ্গলবার ডব্লিউএইচওর বিশেষজ্ঞদের একটি দলের বৈঠক করার কথা রয়েছে। রক্ত জমাট বাঁধা বিষয়ে অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ বলেন, ইউরোপ ও যুক্তরাজ্যের ১ কোটি ৭০ লাখের বেশি মানুষ তাদের টিকা নিয়েছে। তার মধ্যে মাত্র ৩৭ জনের শরীরে রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখা গেছে।