মার্কিন কংগ্রেসকে সতর্কবার্তা এক শীর্ষ কর্মকর্তার
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে মার্কিন কংগ্রেসের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছেন দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। গত মঙ্গলবার তিনি বলেছেন, আফগান সরকার ও তালেবানের সঙ্গে শান্তিচুক্তি ছাড়া মার্কিন সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে একটি বিপর্যয়। আলজাজিরা
ঐ কর্মকর্তা হচ্ছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আফগানিস্তান পুনর্গঠনবিষয়ক বিশেষ পরিদর্শক জন সোপকো। মার্কিন প্রতিনিধি পরিষদের একটি কমিটিকে ঐ দিন তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ হলে আফগানিস্তানের বর্তমান সরকারের পতন ঘটবে। জন সোপকো বলেন, আফগান সরকার কয়েক মাসের মধ্যে সম্ভবত যে কোনো বিমান ওড়ানোর সামর্থ্য হারিয়ে ফেলবে। একপর্যায়ে হয়তো তাদের পতন ঘটবে। আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার কয়েক দিন আগে এমন মন্তব্য করলেন জন সোপকো। এদিকে আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়াও আগ্রহ দেখাচ্ছে। ১৮ মার্চ রাশিয়ার মধ্যস্থতায় মস্কোয় শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমাই খলিলজাদেরও অংশ নেওয়ার কথা রয়েছে। কাতারও এতে অংশ নেবে বলে জানিয়েছে। কাতারের বিশেষ দূত মুতলাক আলকাহতানি জানান, মস্কোতে বৃহস্পতিবারের বৈঠকটি গত বছরের ফেব্রুয়ারিতে দোহায় স্বাক্ষরিত ঐতিহাসিক যুক্তরাষ্ট্র-তালেবান শান্তিচুক্তির ভিত্তিতে হবে।