বিবিসি
নাইজারের মালি সীমান্তের কাছে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছে বলে দেশটির সরকারের তরফ থেকে জানানো হয়েছে। সোমবার চারটি গাড়ি তিলাবেরি অঞ্চলের একটি বাজার থেকে লোকজনকে নিয়ে ফেরার সময় বন্দুকধারীরা এ হামলা চালায়। এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী তাদের দায়-দায়িত্ব স্বীকার করেনি। বর্তমানে নাইজারে দুটি জঙ্গি গোষ্ঠী সক্রিয় আছে। এর একটি পশ্চিমাঞ্চলে মালি ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী অঞ্চলে ও অপরটি দক্ষিণপূর্বে নাইজেরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নাইজেরিয়ার সরকার বলেছে, ‘বানিবানগৌয়ের সাপ্তাহিক বাজার থেকে চিনেদোগার ও দারেই-দায়ে গ্রামে যাত্রীদের নিয়ে ফেরার সময় অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা চারটি গাড়ির গতিরোধ করে। তাদের বর্বর আক্রমণে ৫৮ জনের মৃত্যু হয়, এক জন আহত হয়; তারা বেশ কয়েকটি শস্য গুদাম ও দুটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং আরো দুটি গাড়ি জব্দ করেছে।’