৪০ মিনিটের অ্যানিমেশনে আগামীর ‘খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রকাশ করা হয়েছে   ‘খোকা থেকে বঙ্গবন্ধু জাতির পিতা’। চমত্কার অ্যানিমেশেনে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর সম্পর্কে জানতে পারবেন আগ্রহীরা।

গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অ্যানিমেশন চলচ্চিত্রটির প্রথম ২২ মিনিট সমপ্রচারিত হয় একুশে টিভিতে। সেটিরই ধারাবাহিকতায়  ১৭-ই মার্চ, বুধবার সমপ্রচারিত হচ্ছে ৪০ মিনিট দৈর্ঘ্যের এ অ্যানিমেশনটি।  অ্যানিমেশনে গতানুগতিক পারিবারিক নিয়মের বাইরে গিয়ে মানব সেবার কাজের ক্ষেত্রে তার বাবা মায়ের প্রবল সমর্থনের বিষয়টি উঠে এসেছে।

এনিমেশন নির্মাতা প্রতিষ্ঠান আগামীল্যাবস জানিয়েছে, প্রায় ৪০ মিনিটের অ্যানিমেশনটিতে উঠে এসেছে শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা, বাংলার মাটি ও মানুষের সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠা, তার মন ও চারপাশের জগতের সঙ্গে মিথস্ক্রিয়ার মতো বিষয়গুলো। আগামী প্রজন্ম তথা আজকের শিশু-কিশোর-তরুণসহ সবার কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন অ্যানিমেশনের মাধ্যমে সহজে বোধগম্য করে উপস্থাপন করতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তারা এই চলচ্চিত্রটি তৈরি করেছে।

অ্যানিমেটেড চলচ্চিত্রটির পরিচালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. মোঃ হানিফ সিদ্দিকী। কাহিনী সম্পাদনা করেছেন আগামীল্যাবসের ব্যবস্থাপনা পরিচালক এবং চলচ্চিত্রটির প্রযোজক তসলিমা খানম, লেখক রুদ্র সাইফুল, এবং সানজিদা শারমিন প্রমি।

অ্যানিমেশনের জটিল প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন একঝাঁক তরুণ অ্যানিমেটর ও চিত্রশিল্পী। কণ্ঠ দিয়েছেন নাট্যকলার সঙ্গে সম্পৃক্ত একঝাঁক তরুণ অভিনয় শিল্পী। সঙ্গীত পরিচালনা ও শব্দ কৌশলের দায়িত্ব পালন করেছেন পৃথ্বিরাজ রঞ্জন নাথ।