বিনোদন ডেস্ক
প্রিয়াঙ্কা চোপড়া যে বলিউডের পাশাপাশি হলিউডেও বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন এটা হলফ করেই বলা যায়। কারণ হলিউডে তার একাধিক সাফল্য সেটাই প্রমাণ করে। সেই ধারাবাহিকতায় এবার তার নামের সঙ্গে যুক্ত হয়েছে নতুন আরো একটি অর্জন। চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের ঘোষক তালিকায় নাম লেখালেন তিনি। শুধু তাই নয়, তার দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জল্লিকট্টু’ কিছুদিন আগে বিদেশে তৈরি শ্রেষ্ঠ ফিচার ছবির তালিকা থেকে বাদ পড়লেও প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা বাদ পড়েনি। এবারের অস্কারে মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছে প্রিয়াঙ্কার ‘দ্য হোয়াইট টাইগার’ সিনেমাটি। ৯৩তম এই আসরে অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। খবরটি প্রকাশ্যে আসতেই হাসি ফুটেছে তার অনুসারি ও বলিপাড়ায়। সকলেই প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন এই অভিনেত্রীকে। নিজের ক্যারিয়ারে এমন অর্জন প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসরের মনোনয়ন তালিকা ঘোষণার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগের। অস্কার কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ আমাকে এই কাজের জন্য যোগ্য মনে করায়। অস্কারের মতো আসরে নিজের সিনেমা স্থান পাওয়া অনেক বেশি গৌরবের। আমার অভিনীত সিনেমাটি তালিকায় রয়েছে এবং সেটা নিজের মুখে ঘোষণা তো আরো বেশি সম্মানের।’
উল্লেখ্য, গত ১৫ মার্চ বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। ৯৩তম এই আসরের মনোনীত ছবি ও কলাকুশলীদের নাম ঘোষণা করেন প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস। এবারের আসরে সেরা ছবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৩টি বিভাগে প্ররস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আগামী ২৫ এপ্রিল ঘোষণা করা হবে এ বছরের অস্কারজয়ীদের নাম।