আয়েশি জয়ে কোয়ার্টারে রিয়াল
স্পোর্টস ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আটালান্টাকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে পা রেখেছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার ঘরের মাঠে পাওয়া এই আয়েশি জয়ে তিন মৌসুম পর শেষ ষোলোর বাধা পেরিয়েছে ১৩ বারের চ্যাম্পিয়নরা। বুদাপেস্টের পুসকাস এরিনায় অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখকে ২-০ গোলে হারিয়ে পেপ গার্দিওলার অধীনে টানা চতুর্থবারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।
জিদানের অধীনে হ্যাটট্রিক শিরোপা জেতা দলের সিংহভাগ সদস্য এখনো খেলছেন মাদ্রিদের হয়ে। কিন্তু ২০১৭-১৮ মৌসুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর থেকেই যেন কিছুটা নেতিয়ে গিয়েছিল দলটি। টানা দুই মৌসুমে শেষ ষোলো থেকে বাদ পড়ার পর এবার তো গ্রুপ পর্ব পেড়োতেই কাটখড় পুড়াতে হলো। তবে এবারের নক-আউট পর্বে আবারও ‘খুনে’ ভূমিকায় আবির্ভূত হওয়া মাদ্রিদ নিয়ে আশা দেখছেন দলের বর্ষীয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ, ‘শেষ আটে পৌঁছানোটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা গত দুই বছর করতে পারিনি আমরা। আজ (মঙ্গলবার) আমরা দেখিয়েছি এই দল এখনো অনেক ক্ষুধার্ত এবং আমরা জিতে যেতে চাই। (এই প্রতিযোগিতায়) অনেক দূর যাওয়ার সক্ষমতা আছে আমাদের।’
১-০ গোলে প্রথম লেগ জেতা মাদ্রিদ ঘরের মাঠের দ্বিতীয় লেগে আটালান্টার ওপর চড়াও হয় আরো আগ্রাসি ভূমিকায়। আটালান্টা গোলরক্ষকের একটি ভুলকে কাজে লাগিয়ে ডি স্টেফানো স্টেডিয়ামে মাদ্রিদের হয়ে গোলের খাতা খুলেন স্ট্রাইকার করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সার্জিও রামোস। লুইস মুরিয়েল সফরকারীদের হয়ে একটি গোল ফেরত দিলেও ৮৩ মিনিটে স্বাগতিকরা আরেকটি গোল করে, এবার বদলি নামা মার্কোস আসেনসিওর পা থেকে।
ওদিকে নিজেদের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আয়েশি জয় পেয়েছে ইংলিশ দল সিটিও। ২-০ ব্যবধানে প্রথম লেগ জেতা সিটিজেনরা দিনের সব রোমাঞ্চ মাটিতে মিশিয়ে দেয় ম্যাচের ১৮ মিনিটের মধ্যেই। কেভিন ডি ব্রুইনা ও ইকাই গুন্দোগান ১৮ মিনিটের মধ্যে দুইবার জাল খুঁজে পেলে সিটির কোয়ার্টারের টিকিট একরকম নিশ্চিত হয়ে যায় তখনই। দারুণ ছন্দে থাকা ডি ব্রুইনাদের আরেকটি স্বভাবসুলভ পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন ম্যানেজার পেপ গার্দিওলা।
রিয়াল মাদ্রিদ (৪) ৩-১ (১) আটালান্টা
বেনজেমা ৩৪’ মুরিয়েল ৮৩’
রামোস ৬০’
আসেনসিও ৮৪’
ম্যান সিটি (৪) ২-০ (০) গ্ল্যাডবাখ
ডি ব্রুইনা ১২’
গুন্দোগান ১৮’