স্পোর্টস রিপোর্টার
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাঙানো হয়েছে বড় বড় চারটি ব্যানার। যেখানে লেখা আছে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে বিসিবির শ্রদ্ধাঞ্জলি। গতকাল জন্মদিনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছে বিসিবি। একাডেমি মাঠে ৬০০ দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে বিসিবি। এদিন অবশ্য প্রায় দেড় হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল।
গতকাল সকাল থেকে মিরপুর স্টেডিয়ামে কোরআন শরীফ পাঠ করা হয়েছে। দুপুরে স্টেডিয়ামে এসে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরে সাংবাদিকদের তিনি বলেছেন, চলতি বছরেও ঘরোয়া-আন্তর্জাতিক ক্রিকেটে সব হোম সিরিজ বঙ্গবন্ধুর নামেই আয়োজন করা হবে। এ সময় বিসিবির পরিচালক মাহবুব আনাম, ইসমাইল হায়দার মল্লিক, আকরাম খান, শফিউল আলম চৌধুরী নাদেল, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের প্ল্যানটা সেটাই যতগুলো আমাদের টুর্নামেন্ট আছে দেশে ঘরোয়া হোক আন্তর্জাতিক সবগুলো বঙ্গবন্ধুর নামে হবে।’ সরকারের ঘোষণা অনুযায়ী, মুজিব শতবর্ষ উদ্যাপন ২০২১ সালের বছর জুড়েই চলবে। বিসিবিও তাই জাতির পিতাকে শ্রদ্ধা জানাবে বঙ্গবন্ধুর নামে সব টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে। এরই মধ্যে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশ দলের হোম সিরিজ ছিল বঙ্গবন্ধুর নামে। ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএলও বঙ্গবন্ধুকে উত্সর্গ করেছে বিসিবি।