ব্রাদার প্রদীপ প্লাসিড গমেজ, সি.এস.সি.
অধ্যক্ষ
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
এস.এস.সি. পরীক্ষার্থী ২০১৯’এর বন্ধুরা, তোমাদের জানাই স্নেহপূর্ণ শুভেচ্ছা। কেমন আছো তোমরা? অবশ্যই আসন্ন পরীক্ষা নিয়ে মাঝে মধ্যে বিচলিত বোধ করছো। কিছুটা বিচলিত বোধ করা ও নিজের মধ্যে সামান্য ভয়ের সঞ্চার হতেই পারে। তোমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা খুবই নিকটে। আশাকরি, তোমরা গভীরভাবে উপলব্দি কর যে, এস.এস.সি. পরীক্ষা তোমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তোমাদের মধ্যে যারা ভালো শেখার জন্য ও পরীক্ষায় ভালো করার জন্য নিয়মিত তোমাদের বিদ্যালয়ে মনোযোগ সহকারে ক্লাস করেছো, প্র্যাকটিক্যাল ক্লাস করেছো, নিজের বাসায় নিয়মিত পড়ালেখা করে নবম ও দশম শ্রেণির পরীক্ষাগুলোতে ভালোফল করার চেষ্টা করেছো অর্থাত্ যারা সিলেবাস অনুসারে পাঠ্যপুস্তকগুলো আয়ত্ত করেছো তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তোমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষার প্রাক্কালে আমি তোমাদেরও এই পরামর্শ দেবো যে তোমরা গত দুইবছরের পড়াগুলো বারবার রিভিশন দাও। প্রতিদিন অন্তত এক থেকে দুইঘণ্টা পড়াবিষয়গুলো লিখবে। এতে লেখা যেমন ভালো হবে তেমনি লেখা দ্রুত হবে। যখনই কোনো জায়গায় অসুবিধা বোধ করবে তখনই তোমার বিদ্যালয়ের শিক্ষকের সাহায্য নেবে। আমি আশা করি, তোমরা এস.এস.সি.পরীক্ষার রুটিনটি তোমাদের পড়ার-টেবিলের সামনে রেখেছো। রুটিনটি দেখে ভালোভাবে একটি পরিকল্পনা কর যেন পরীক্ষার সময় প্রতিটি বিষয় রিভিশন দেয়ার সুযোগ পাও। যে বিষয়ের আগে ছুটি নেই বা কম সময় পাবে সেই বিষয়গুলো আগেই ভালোভাবে পড়ে রেখো। এখন বা পরীক্ষা চলাকালীন সারারাত জেগে পড়ার কোন অর্থ হয় না। তুমি দিনে যথেষ্ট পড়ো,রাতে চেষ্টা করো যথেষ্ট ঘুমাতে। মনে রেখো,পরীক্ষা চলাকালীন তোমার অবশ্যই শারীরিক,মানসিক ও আবেগিকভাবে সুস্থ থাকতে হবে। এ সময়ে বা পরীক্ষাচলাকালীন অসুস্থ হলে তোমার মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং তোমাকে সময়মত যথেষ্ট খেতে হবে, পানি পান করতে হবে এবং যথেষ্ট বিশ্রাম নিতে হবে। প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড হাতে পাওয়ার পর সম্ভব হলে ফটোকপি করে তোমার ঘরে রেখো এবং ঘরের সবাইকে জানিয়ে রাখো। দেখে নাও তোমার প্রবেশপত্রে এবং রেজিস্ট্রেশন কার্ডে সব তথ্য ঠিক আছে কিনা। ঠিক না থাকলে তোমার বিদ্যালয়ে যোগাযোগ করো। এম.সি.কিউ উত্তর করার সময় সাবধানে ঘর পূরণ করো যেন যেটা তুমি চাচ্ছো না সেটা পূরণ না হয়ে যায়। সৃজনশীল প্রশ্নের উত্তর করার আগে অন্তত তিনবার খুব মনোযোগ দিয়ে প্রশ্নগুলো পড়ো এবং ঠিক করে নাও কোন কোন প্রশ্নের উত্তর তুমি লিখবে। তবে চেষ্টা করো ধারাবাহিকভাবে উত্তর লেখার। সবগুলোর উত্তর করতে চেষ্টা করো। আবারো শুভ কামনা।