লস অ্যাঞ্জেলসের সেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার তিন সপ্তাহ পর বাড়িতে ফিরেছেন গলফ কিংবদন্তি টাইগার উডস। গতকাল টুইট করে ভক্তদের এই তথ্য জানিয়েছেন স্বয়ং উডস। ২৭ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের এক পাহাড়ি রাস্তা থেকে গাড়ি নিয়ে খাদে পড়ে গিয়েছিলেন উডস। এ দুর্ঘটনায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার ডান পা। ক্যালিফোর্নিয়ার হার্বার-ইউসিএলএ মেডিক্যাল সেন্টার ও সেডারস সিনাই মেডিক্যাল সেন্টারে একাধিক অস্ত্রোপচার ও ডাক্তারি পরিচর্যা শেষে গতকাল তার ফ্লোরিডার বাসায় ফিরেছেন উডস। নিজের টুইটার অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বাড়ি ফেরার খবর জানিয়ে উডস লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহে যে অসংখ্য সমর্থন ও অনুপ্রেরণামূলক বার্তা আমি পেয়েছি, তার জন্য আমি ধন্য।’