সুইডেনের ইতিহাসে সর্বাধিক গোলের মালিক জ্লাতান ইব্রাহিমোভিচ অবসর ভেঙে আবার ফিরছেন জাতীয় দলের জার্সিতে। সদ্য ঘোষিত বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেয়েছেন এই ৩৯ বছর বয়সি স্ট্রাইকার। খেলবেন সামনের ইউরোতেও। জাতীয় দলের হয়ে ১১৬ ম্যাচ খেলে ৬২ গোল দেওয়া ইব্রাহিমোভিচ অবসর নিয়েছিলেন ২০১৬ সালের ইউরো খেলে। ২০২০-র নভেম্বরে এক পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে আবারও জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। এরপরই সুইডেন কোচ জেইন অ্যান্ডারসন মিলানে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। সেই মর্মেই এ বছর আবার দলে ফিরলেন এই বর্ষীয়ান তারকা। এসি মিলানের হয়ে এই মৌসুমের সিরি আয় এরই মধ্যে ১৪ ম্যাচে ১৪ গোল দিয়েছেন তিনি। তার উদ্যমী পারফরম্যান্সেই বহু বছর পর আবার শিরোপার লড়াইয়ে ফিরেছে মিলান।