নির্মাণের কুড়ি বছর পেরিয়ে গেলেও ভবনটির কোনো সংস্কারকাজ না হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম। মূল ভবনে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল, ছাদ চুঁইয়ে পড়ে পানি। খসে পড়েছে পিলার-দেয়ালের পলেস্তারা। স্যাঁতসেঁতে শ্যাওলার আস্তরণ। বৃষ্টি হলেই থাকতে হয় আতঙ্কে।
২০০০ সালের ৪ আগস্ট নির্মিত হয় ভবনটি। এরপর সংস্কারের অভাবে দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে একতলা ভবনটি। ভিজে নষ্ট হচ্ছে মামলার গুরুত্বপূর্ণ নথি। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিচারিক আদালত কক্ষ, খাস কামরা, পেশকার, আইনজীবী, নথি সংরক্ষণ কক্ষসহ হাজতখানা। তাই অতি দ্রুত ভবনটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
নিয়ামুর রশিদ শিহাব
গলাচিপা, পটুয়াখালী