আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে এসিল্যান্ডসহ বেশ কয়েক জন কর্মকর্তার স্বাক্ষর জাল করে কাগজপত্র তৈরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. উজ্জ্বল হোসেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রাম থেকে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন— কল্যান্দী গ্রামের আফছার উদ্দিনের ছেলে মনির হোসেন ও ভৈরবদী গ্রামের রাজ্জাকের ছেলে গাফফার। মো. উজ্জ্বল হোসেন জানান, ‘মনির কল্যান্দী বাজারে ওষুধের ব্যবসার অন্তরালে আমারসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও ইউনিয়ন সচিবদের স্বাক্ষর জাল করে নামজারী, মিসকেস, ব্যাংক থেকে ঋণ উত্তোলনসহ বিভিন্ন কাজ করতেন। মঙ্গলবার তার সহযোগী গাফফার এসিল্যান্ড অফিসে এসে কাগজপত্র যাচাই করতে চাইলে বিষয়টি টের পেয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তার কাছ থেকে জাল সিল, স্ট্যাম্প ও ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়েছে।’