দেশে গত এক দিনে আরো ১ হাজার ৮৬৫ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যা গত তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ১ হাজার ৮৭৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। গতকাল বুধবার সকাল পর্যন্ত আরো ১ হাজার ৮৬৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে ৮ হাজার ৬০৮ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৫১০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের সরকারি-বেসরকারি ২১৯টি ল্যাবে ২৪ হাজার ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার গত দুই দিন ধরে কিছুটা কমছে। আগের দুই দিন শনাক্তের হার ৮ দশমিক ২৯ এবং ৯ দশমিক ৪৮ শতাংশের পর গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ৭ দশমিক ৬৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে আট জন পুরুষ আর নারী তিন জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন। ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে আট জনেরই বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া তিন জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।