হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে বীরেশ দাশ (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত কেবিনের দরজা ভেঙে তার রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত বীরেশ দাশ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা ও বানিয়াচং উপজেলার নজিরপুর গ্রামের মৃত মহেশ দাশের ছেলে।
পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বীরেশ দাশ গত ১ মার্চ চিকিত্সা নিতে সদর হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাতে তার পরিবারের সদস্যরা তাকে একা রেখে বাসায় চলে যান। সকালে তার ছেলে বিজয় দাশ এসে দেখতে পান তার বাবার কেবিনের দরজা বন্ধ। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা সদর থানায় খবর দেয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন বলেন, পুলিশ নিয়ে তার কেবিনের দরজা ভেঙে দেখতে পাই—বেডের নিচে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পড়ে আছে। সদর থানার এসআই সাইদুর রহমান বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।