লায়ন এম .কে.বাশার, পিএমজেএফ
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আন্তরিক শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। সামনে আর ক’টা দিন। এ ক’টা দিন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্যে পরীক্ষা প্রস্তুতি নিয়ে সকলেই ব্যস্ত। তোমাদের প্রতি আশিস রইল, শরীর ও মন ঠিক রেখে ভালো প্রস্তুতি নিয়ে যাতে পরীক্ষায় কাঙ্খিত ফল অর্জন করতে পারো। মনে রাখবে, জীবনের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ ধাপের সিদ্ধান্ত হয়ে যাবে ২ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে শুরু হওয়া এসএসসি পরীক্ষার মধ্য দিয়ে। যদি এ পরীক্ষায় ভালো ফল অর্জন করতে পারো তাহলে বাংলাদেশের যে কোনো কলেজে একাদশ শ্রেণিতে তোমার ভর্তির সুযোগ থাকবে নতুবা ভালো কলেজে ভর্তির সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। এমনকি এইচএসসি পরীক্ষা পাসের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে। তাই কোনোভাবেই সময় নষ্ট না করে হাতে যেটুকু সময় আছে তা পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে নাও।
আরো মনে রাখতে হবে শুধু বেশি বেশি লেখাপড়া করার পরও অনেক সময় সেভাবে কাঙ্খিত ফল আসে না। অধিক লেখাপড়ার পাশাপাশি ভালো ফল অর্জনের জন্য তোমাদের অনেক কৌশলী হতে হবে। প্রথমত: তোমাকে পরীক্ষায় সময়টুকু সর্বোচ্চ কাজে লাগাতে হবে। প্রশ্ন নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। খাতায় উত্তর লেখার উপস্থাপনার পদ্ধতি সঠিক ও আকর্ষণীয় হতে হবে। সঠিক সময় ব্যবস্থাপনা থাকতে হবে। হাতে যে সময়টুকু আছে প্রয়োজনে ঘন্টা মিনিট অনুসারে নিজে নিজে একটা পরিকল্পনা সাজিয়ে নাও। পরীক্ষা শেষে ভর্তির ক্ষেত্রে লক্ষ রাখবে কোন কলেজ তোমার পরবর্তী শিক্ষাজীবনে ভালো ফল অর্জনে সহায়তা দিতে পারবে । কারণ পরিবেশ শিক্ষার একটি অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। শিক্ষা বিজ্ঞানী এডগার ডেল দেখিয়েছেন,পড়ার মাধ্যমে একটি বিষয়ে মাত্র ১০% শিখতে পারে একজন শিক্ষার্থী, শোনার মাধ্যমে ২০%, দেখার মাধ্যমে ৩০%, দেখা ও শোনার মাধ্যমে ৫০%, বলার মাধ্যমে ৭০%, বলা ও করার মাধ্যমে ৯০%। সনাতনী পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরা ১০-২০% শিখতে পারে। তাই কোন প্রতিষ্ঠানে একুশ শতকের শিক্ষার চমত্কার পরিবেশ আছে। কোন শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে আধুনিক আনন্দময় প্রযুুক্তিনির্ভর শিক্ষা দিতে সক্ষম তা বিবেচনায় রাখতে হবে। এসএসসি ও এইচএসসি’র পরই তোমরা প্রবেশ করবে উচ্চশিক্ষা স্তরে অর্থাত্ বিশ্ববিদ্যালয়ে। তাই এসএসসি ও এইচএসসি দুটি স্তরেই তোমাদের মনোযোগী হতে হবে পড়াশোনায় গভীরভাবে ।