ক্ষমতায় ফিরলে পরিবারপ্রতি বছরে ৬ হাজার রুপি :ইশতেহারে মমতা

নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারকে বছরে ৬ হাজার রুপি দেওয়া হবে। তপশিলি জাতিদের দেওয়া হবে ১২ হাজার। গতকাল বুধবার নির্বাচনি ইস্তেহারে এ প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বলেন, এর পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের ৪ শতাংশ সুদে ১০ লাখ রুপি পর্যন্ত ঋণ দেওয়া হবে।

অন্যদিকে গতকাল নন্দীগ্রামে এক জনসভায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেছেন, তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হবে।     পালটা তার বিরুদ্ধে দুই জায়গায় ভোটার হওয়ার অভিযোগ এনেছে তৃণমূল। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানানো হয়েছে।

নির্বাচনি ইস্তেহারে তৃণমূল কংগ্রেস ৫ লাখ চাকরির পাশাপাশি প্রতি জেলায় মেডিক্যাল কলেজ করার ঘোষণা দিয়েছে। মমতা বলেন, সকলের ন্যূনতম আয় নিশ্চিত করা হবে। কৃষকরা বছরে ১০ হাজার রুপি অনুদান পাবেন। পাশাপাশি বাড়িতে বাড়িতে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হবে। বাংলায় ৪০ শতাংশ দারিদ্র্য কমেছে। কৃষকদের আয় তিন গুণ হয়েছে। রাজ্যের ৫০ শহরে ৫ রুপিতে খাবারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ভোটারদের উদ্দেশ্যে মমতার বার্তা- ‘বিজেপিকে রোখা দরকার। বামপন্থি বন্ধুরা ভোটটা নষ্ট করবেন না। তৃণমূলকে দিন।’

এদিকে তৃণমূল কংগ্রেসের আরেক এমপির বিজেপিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। কয়েক মাস আগে শুভেন্দু দল বদলে তৃণমূল থেকে বিজেপিতে গেলেও বাবা শিশির অধিকারী যাননি। ২৪ মার্চ মেদিনীপুরে সভা করতে আসার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সভায় শিশির অধিকারী থাকবেন বলে শুভেন্দু জানিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নে শিশির অধিকারীও জানিয়েছেন, ‘কে বলেছে আমি তৃণমূলে আছি?’ তার পরই জল্পনা পুত্রের পথে তিনিও বিজেপিতে যোগ দিতে চলেছেন।