কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলায় চার দিনে তিনটি খুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে মো. সোহেল (৪০) নামে এক ব্যবসায়ীকে হাত ও পায়ের রগ কেটে খুন করেছে দুর্বৃত্তরা। সে ঐ উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত জাফর আহমেদের ছেলে। এর আগে গত ১৩ মার্চ আদ্রা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে শাহজাহান নামে এক ব্যক্তি খুন হন। ১৫ মার্চ হাতপুকুরিয়া গ্রামে আপন ভাসুরের দুই ছেলের মধ্যে সৃষ্ট ঝগড়া থামাতে গিয়ে খুন হন ৫০ বছর বয়সি চাচি জমিলা বেগম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং হাত ও পায়ের রগ কেটে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, ব্যবসায়ী সোহেল হত্যার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনাসহ অন্যান্য খুনের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।