ফুলবাড়ীতে বিদ্যুত্স্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীতে বুধবার সকালে বরই খেতে গিয়ে অবৈধ সেচের সংযোগ তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার  নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তঘেঁষা বালাতাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ঐ গ্রামের মমিনুল ইসলামের ছেলে আল-আমিন (১২) ও আজিদুল ইসলামের ছেলে আলিমুল হক (৫)। তারা আপন মামাতো ফুফাতো ভাই। নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুসাব্বের হোসেন মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুত্স্পৃষ্টে দুই শিশুর মৃত্যুর বিষয়টি থানায় জানানো হয়েছে। কুড়িগ্রাম-লালমনিহাট পল্লী বিদ্যুত্ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল জানান, অবৈধভাবে সংযোগ নিয়ে সেচ দেওয়া হলে তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, বিদ্যুত্স্পৃষ্টে দুই শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।