সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহিদ বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ। গতকাল বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে তিনি সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেন। পরে ৮টা ৩০ মিনিটে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহিদদের স্মরণ করে এক মিনিটি নীরবতা পালন করেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
এরপর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং সৌধ প্রাঙ্গণে একটি বকুলগাছের চারা রোপণ করেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ। এ সময় তার সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী, অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ও অন্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শনের জন্য জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।