ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার, সম্পাদক আকরাম

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন আখতার হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন আকরাম হোসেন। বুধবার রাতে পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এক বছরের জন্য এ আংশিক কমিটি ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদ।

আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ‘ঘ’ ইউনিটের প্রশ্নফাঁস হলে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে করা আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান তিনি।

আকরাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তারা উভয়েই ডাকসু নির্বাচনে ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন। আকরাম হোসেন সাহিত্য সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হন। ডাকসু ভিপি নুরুল হক নুরের সাথে বিভিন্ন আন্দোলন সম্পৃক্ত এ দুজন।

বিজ্ঞপ্তিতে দেওয়া কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে সাদিয়া ইসলাম মুনা, আসিফ মাহমুদ, মো. রাসেল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সানাউল্লাহ, মো. মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল বাকী, সহ সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের আল মাছুম। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইবরাহীম নাফিস, সংস্কৃতি বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরেফা তাসনীম, নাট্য বিষয়ক সম্পাদক নুসরাত তাবাসসুম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ জাহান তানিম, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আল আমিন এবং সদস্য পদে মো. ইসমাইল হোসাইন, মো. আবুজার গিফারী, সৈয়দ মেজবাহ উদ্দিন হামীম।

আগামী ১ মাসের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দিয়েছে পরিষদের আহ্বায়ক। 

ইত্তেফাক/এমআর