স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অগ্নিঝরা মার্চ

বঙ্গবন্ধুর কৌশলে কোনো বিভ্রান্তি ছিল না

৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয় বাঙালির আরাধ্য স্বাধীনতা। ইতিহাস সাক্ষী দেয়, এই বাঙালি জাতির কোনো দিনই একটি স্বাধীন রাষ্ট্রের মালিকানা ছিল না। জাতিভিত্তিক রাষ্ট্রের চেতনা বলতে যা বোঝায়, তার কোনো কিছুই ছিল না। বাঙালি জাতিরাষ্ট্রের স্বপ্ন কখনোই স্পষ্ট রূপ নেয়নি। একমাত্র ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এই জনপদে ও বাঙালির ইতিহাসে প্রথম স্বাধীন জাতিরাষ্ট্র।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রাষ্ট্রের স্থপতি। জার্মান দার্শনিক ফ্রেডরিখ হেগেলের ভাষায়, ‘মানুষের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে রাষ্ট্র সৃষ্টি করা।’ বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল ইতিহাসের অনিবার্যতা। ৭ই মার্চ ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বের সর্বশ্রেষ্ঠ দিনগুলোর একটি। বিভ্রান্তি ছিল প্রচুর, তবে সেটা ছিল কিছু তরুণ নেতাকর্মী ও জনতার একাংশের মধ্যে। বঙ্গবন্ধুর লক্ষ্য অর্জনের জন্য কৌশল ও কর্মপরিকল্পনার মধ্যে কোনো বিভ্রান্তি বা দোদুল্যমানতা ছিল না। ১ মার্চ পাকিস্তানের সেনাশাসক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ৩ মার্চ অনুষ্ঠিতব্য নবগঠিত পাকিস্তান জাতীয় পরিষদের আহ্বানকৃত সভা স্থগিত করার পরক্ষণেই উত্তাল হতে থাকে ঢাকার রাজপথ।

২ মার্চ থেকে অসহযোগের ডাক দেন বঙ্গবন্ধু, পুরো দেশ অচল হয়ে পড়ে। ৩ মার্চ বঙ্গবন্ধু পল্টনে ঘোষণা করলেন, ৭ই মার্চের জনসভায় তিনি জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন। দেশ-বিদেশে অনেকেই ধরে নিয়েছিলেন, বঙ্গবন্ধু ঐ দিন স্বাধীনতার ঘোষণা দেবেন। ৬ মার্চ বিশ্ববিখ্যাত ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকার এক নিবন্ধে বলা হয়, শেখ মুজিব একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করতে পারেন। ৭ই মার্চ সকালে করাচি থেকে প্রকাশিত পত্রিকাগুলোতেও এমন আশঙ্কাই ব্যক্ত হয়েছিল। অনেক তথাকথিত বিশ্লেষক তাদের লেখায় ও বক্তৃতায় এখনো বলেন, শেখ মুজিব যদি ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিতেন, তাহলে লাখো জনতা ঢাকা সেনানিবাস আক্রমণ করত, এতেই অনেক কম মূল্যে আমরা স্বাধীনতা পেয়ে যেতাম। বঙ্গবন্ধুর ইতিহাস-সচেতনতা এবং আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতার সম্যক ধারণা এত প্রগাঢ় ছিল যে, তিনি কোনো অবস্থাতেই একতরফা স্বাধীনতা ঘোষণা (ইউডিআই) করে আমাদের স্বাধীনতার সংগ্রামকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের তকমা লাগানোর সুযোগ দেননি।

দেশে দেশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ব্যর্থতা এবং এসব আন্দোলনের আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্যতা সম্পর্কে বঙ্গবন্ধু অত্যন্ত সচেতন ছিলেন। বিশ্বপরিস্থিতি আমাদের কতটা প্রতিকূল ছিল, তা বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যেতে পারে। আমাদের স্বাধীনতাযুদ্ধের সময় আমেরিকা, চীন ও ইসলামিক দেশগুলোর বিরোধিতার কথাই বহুল প্রচারিত। ভারতসহ বিশ্বের গুটি কয়েক দেশ ছাড়া কেউই আমাদের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধেও আমাদের পক্ষ অবলম্বন করেনি। এর একটি উদাহরণ হচ্ছে, ৭ ডিসেম্বর ১৯৭১ জাতিসংঘের ভোটাভুটিতে আমাদের বিপক্ষে ভোট দিয়েছিল ১০৪টি দেশ, পক্ষে মাত্র ১১টি আর ভোটদানে বিরত ছিল ১০টি দেশ। ৭ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতাযুদ্ধের সব প্রস্তুতির সার্বিক দিকনির্দেশনা দিলেও পরিপূর্ণ স্বাধীনতার ঘোষণার আনুষ্ঠানিকতাটি বাদ রাখেন। ২৫ মার্চের রাতে জাতি যখন পাকিস্তানিদের একতরফা যুদ্ধের শিকার হলো, তখনই ২৬ মার্চের প্রথম প্রহরেই স্বাধীনতা ঘোষণা করেন।

১৯৭১ সালে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। হাজার বছরের ইতিহাসে বাঙালি প্রথম একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মালিক হয়। অর্থনৈতিক ও সামাজিক মুক্তির সংগ্রাম শুরু হতেই সেই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া হয় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনককে হত্যার মধ্য দিয়ে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ছিল সবাই মিলেমিশে একটি বহুমাত্রিক বহুবাচনিক উদার গণতান্ত্রিক সমাজ, যার মধ্য দিয়ে মানুষের মুক্তি আসবে। মুক্তি বলতে সব বঞ্চনা, বৈষম্য, শোষণ, সংকীর্ণতা, কূপমণ্ডূকতা, চেতনার দীনতা থেকে মুক্তিকে বুঝিয়েছিলেন বঙ্গবন্ধু। অর্থনৈতিকভাবে আমরা দ্রুত এগোচ্ছি।

এ বছরই আমরা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাচ্ছি। ২০২১ সালে বিশ্বব্যাংকের নির্ধারিত মানের বিচারে মাথাপিছু ডলারের হিসাবে আমরা মধ্যম আয়ের দেশের তালিকায় স্থান পাব। ২০৪১ সালে আমরা উন্নত দেশে পরিণত হব, তবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে দৃঢ়ভাবে না ধরলে এ উন্নয়ন টেকসই হবে না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের মুক্তিসংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন। মুক্তির সংগ্রাম চলে নিরন্তন। শেখ হাসিনার নেতৃত্বে মানুষের মুক্তির সংগ্রাম অব্যাহত থাকুক, এটাই আজকের প্রত্যাশা।

লেখক: ভিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ইত্তেফাক/এএএম