মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি আখ্যা দিয়েছেন। এর প্রেক্ষিতে ওয়াশিংটন থেকে রুশ রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। আলোচনার জন্যই তাকে ফিরিয়ে আনা হচ্ছে বলে গতকাল বুধবার (১৭ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে দেশটি। খবর ইউএস নিউজ।
সম্প্রতি মার্কিন গণমাধ্যমকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিনকে একজন ‘খুনি’ আখ্যা দেন বাইডেন। তিনি বলেন, ‘২০২০ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে মস্কোর হস্তক্ষেপের কারণে ‘পুতিনকে মূল্য দিতে হবে’ বলেও জানান ৭৮ বছর বয়সী বাইডেন।’
বাইডেনের এই মন্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে মস্কো। ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তাই জরুরি ভিত্তিতে তারা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এর কারণ হিসেবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে মস্কোতে ফিরে আসার জন্য বলা হয়েছে। বর্তমান অবস্থার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়নে কী কী করা উচিত এবং কোথায় কোথায় যাওয়া উচিত; সেটা নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করতেই তাকে ফিরিয়ে আনা।
গত মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থা দেশটির বিগত প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকেই রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে।
বিরোধীদের ওপর মস্কো সরকারের নির্মম হওয়ার অভিযোগে পুতিনকে তিনি ‘একজন খুনি’ হিসেবে মনে করেন কি না, এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হলে জো বাইডেন তখন বলেন যে, ‘আমি (পুতিনকে খুনি) মনে করি।’
ইত্তেফাক/টিআর