ছেলের চড়ে মায়ের মৃত্যু

কথা-কাটাকাটির এক পর্যায়ের ছেলের হাতের চড় খেয়ে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের দ্বারকায়। নিহত নারীর নাম অবতার কৌর বলে জানিয়েছে দ্বারকা পুলিশ।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের বরাতে জানা যায়, গত সোমবার (১৫ মার্চ) স্থানীয় সময় বিকেলে ওই ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়,  অবতারের ছেলে তার গালে থাপ্পড় দিলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।

ভিডিওটি প্রকাশের পরেই, নিহতের ৪৫ বছর বয়সী ছেলে রণবীরের বিরুদ্ধে বিন্দাপুর থানায় ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) ধারা ৩০৪ (অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড) -এর অধীনে একটি মামলা দায়ের করে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ওই ঘটনার কিছুক্ষণ আগেই গাড়ি পার্কিং নিয়ে এক প্রতিবেশীর সাথে তর্ক করেছিলেন অবতার।

সেই প্রতিবেশী পুলিশ কন্ট্রোল রুমে একটি কলও করেছিলেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযোগকারী বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানিয়েছিল।

সিসিটিভি ফুটেজ থেকে আরও দেখা যায়, প্রতিবেশীর সঙ্গে পার্কিং নিয়ে বিরোধ মিটে যাওয়ার পর ছেলে ও ছেলের স্ত্রীর সাথে ফের একটি তর্ক হয়েছিল নিহত অবতারের।

এ বিষয়ে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, প্রতিবেশী অভিযোগ তুলে নিলেও অবতারের ছেলে ও ছেলের স্ত্রী বিষয়টি সহজে মানতে পারেনি। এই নিয়ে মায়ের সঙ্গে তর্ক চলাকালীন মায়ের উপর হাত তোলেন রণবীর।

স্থানীয়রা জানান, রণবীর মদের নেশায় আসক্ত। মায়ের সাথে সম্পত্তি ও অন্যান্য বিষয় নিয়ে ঝগড়া করা ছিল তার নিত্যদিনের ঘটনা।

ইত্তেফাক/টিআর