এবার শিশুদের শরীরে নিজেদের তৈরি করোনা টিকা নিয়ে পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্না। ছয় মাস থেকে শুরু করে ১২ বছর বয়সি শিশুদের ওপর এ টিকা কেমন কাজ করবে তা নিয়ে গবেষণা শুরু করেছে তারা। মডার্নার দেওয়া বিবৃতিকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন ভ্যাকসিন প্রয়োগের কাজটি শিশু পর্যন্ত বিস্তৃত করা গেলে হার্ড ইমিউনিটি অর্জন সহজ হবে। আর মহামারি মোকাবিলায় হার্ড ইমিউনিটি অর্জন করাটা খুবই জরুরি। এমন অবস্থায় ১৬ মার্চ মডার্নার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, শিশুদের শরীরেও টিকার পরীক্ষা চালাচ্ছে তারা।
কোম্পানির মুখপাত্র কোলিন হুসি জানিয়েছেন, নতুন গবেষণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও কানাডার ৬ হাজার ৭৫০ জন শিশুর শরীরে টিকা প্রয়োগের পরিকল্পনা করা হয়েছে। তবে এরই মধ্যে কতজন শিশুর শরীরে প্রথম ডোজ দেওয়া হয়েছে তা নিশ্চিত করেনি তারা। গবেষণার অংশ হিসেবে প্রতিটি শিশুকে ২৮ দিনের ব্যবধানে টিকার দুটি ডোজ দেওয়া হবে। প্রথমে দুই বছর থেকে শুরু করে ১২ বছরের কম বয়সি শিশুদের ৫০ কিংবা ১০০ মাইক্রোগ্রাম করে দুটি ডোজ দেওয়া হতে পারে।
ইত্তেফাক/জেডএইচডি