নতুন করে দায়িত্ব নিয়ে সমালোচিত হতে চাই না: জবি ভিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেছেন, নতুন করে দায়িত্ব নিয়ে সমালোচিত হতে চাই না। 

বুধবার (১৭ মার্চ) জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জবির অত্যাধুনিক মেডিকেল সেন্টার উদ্বোধনের পর অনানুষ্ঠানিকভাবেই বিদায় নেন তিনি। বিদায়কালে এসব কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান।

ড. মীজানুর রহমান বলেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করার। নতুন ক্যাম্পাসের বাউন্ডারি তৈরি, মাটি পরীক্ষা সহ কাজ শুরু করার জন্য যা করার দরকার আমি করেছি। সব কিছুই সেট করা আছে। এখন সৎ, দক্ষ কেউ এসে চাইলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন দ্রুত অব্যহত রাখতে পারবে। আমার দ্বারা কার উপকার হইছে কার অপকার হইছে সেটা তারাই বলবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।

নতুন মেয়াদে উপাচার্যের দায়িত্ব দেওয়া হলে দায়িত্ব নিবেন কিনা এ বিষয়ে তিনি বলেন, আমি ইতোমধ্যে সরকারকে বলে দিয়েছি আমাকে দায়িত্ব দেওয়া হলেও আমি দায়িত্ব নিবো না। তৃতীয় মেয়াদে একই বিশ্ববিদ্যালয় উপাচার্য হওয়ার নজির কোথাও নেই। নতুন করে দায়িত্ব নিয়ে সমালোচিত হতে চাইনা। ’

জানা যায়, ২০১৩ সালের ১৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কোষাধ্যক্ষ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমানকে চার বছরের জন্য চতুর্থ উপাচার্য হিসাবে নিয়োগ দেয়া হয়। প্রথম মেয়াদ শেষে ২০১৭ সালে তাকে পুনরায় দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয় সরকার।


ইত্তেফাক/এনএ