খরগোশ ঘাস খাবে

আরিয়েত্তি ইসলাম, বয়স : পাঁচ বছর

এক দেশে ছিল এক খরগোশ। সে একদিন ঘাস খাবে বলে হাঁটতে হাঁটতে মাঠে চলে গেল। মাঠে অনেক ঘাস। সে কোন দিক থেকে খাবে, তা নিয়ে খুব চিন্তায় পড়ে গেল। খরগোশটা মানুষের গলায় কথা বলতে পারত। একটা বাচ্চা এসে খরগোশকে জিজ্ঞেস করল, কী হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমি কি তোমার জন্য কিছু করতে পারি? কী করতে হবে বল, আমি করে দেবো। আমি না পারলে আমার বাবা-মাকে বলব—তারা যেন তোমাকে সাহায্য করে। খরগোশ বলল, এই যে এত বড়ো মাঠ! আমি ঘাস কোন দিক থেকে খাবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাচ্চাটা বলল, এর সমাধান তো আমিই করতে পারব। এটা তো একটা চারকোনা বড়ো মাঠ। তুমি কতটুক খেতে পারবে? খরগোশ বলল, আমি অনেক খেতে পারব। ঐ যেমন একটা কোনার অনেক ঘাস খেতে পারব।

—ঠিক আছে, তুমি ইচ্ছামতো খাও না।

—তুমি বলে দাও।

—তাহলে তুমি ডান দিক থেকে খাওয়া শুরু করো।

—আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ।

বাচ্চাটিকে ধন্যবাদ জানিয়ে খরগোশ খুশিমনে ঘাস খাওয়া শুরু করল।