মাগো আমি যুদ্ধে যাব চাইছি তোমার দোয়া
আমার মনে লাগছে মা গো স্বাধীনতার ছোঁয়া।
তোমার কোলে মাথা রেখে মরতে পারি আমি
তোমার প্রতি ভালোবাসা নয় তো মা পাগলামি।
যায় না কেনা কোনো দামে মা গো তোমার ঋণ
মায়ের প্রেমে বাঁধা আছি আমরা চিরদিন।
স্বাধীনতার জন্যে খোকা যায় বেরিয়ে তাই
বিজয় নিয়ে আসবে ফিরে লক্ষ্য যে একটাই।
লক্ষ মায়ের লক্ষ খোকা এমনি করেই ছোটে
প্রাণের মায়া তুচ্ছ করে গহিন আঁধার টোটে।
শপথ নিয়ে যায় যে তারা বীরের মতো লড়তে
স্বাধীনতা আনতে হবে সোনার এদেশ গড়তে।
মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত ফুল ও ফল
স্বপ্নে বিভোর ছিল দেশের দামাল ছেলের দল।
এক পতাকা একটি স্বদেশ একটি স্বাধীন ভূমি
অনেক ত্যাগের বিনিময়ে বাংলা মাগো তুমি।