একাকী, অবরণ্যে

দোহাই তোমার ভুলিনিকো নীলুফর

তেমনি থাকার প্রয়াস বিরামহীন

বাতায়ন খুলে দৌড় দিতে চায় ঘর

চেপে ধরি চোখ যেই জাগে নিদহীন।

 

হেকিমি দাওয়াই—অন্যথা তার নেই

লখার বাসর রচেছি শপথে এঁটে

বায়ু ছাড়া আর অনুমতি কারো নেই

দুঃখের প্রহরী দাঁড়িয়ে বাহির গেটে।

 

সাঁঝের আকাশে এখনো কি ফোটে তারা?

রাতের নদীতে এখনো কি জাগে ঢেউ?

খোলা বাতায়ন এখনো কি চায় সাড়া?

আমাকে পোড়াতে এখনো কি পোড়ে কেউ?

 

কতদিন হলো—নই মিছিলের মুখ!

কতদিন হলো—নই কোনো শিরোনাম!

কতদিন হলো—হই নাকো উত্সুক!

কতদিন হলো—ডাকহীন এই নাম!

 

টেবিলে দেরিদা ফুকো উপরের তাকে

চোখ মেলে চায়—হারালো কি কবি খেই!

প্রভাত চৌধুরী রয়েছে হাতের কাছে

অঞ্জন সেনও—কোনো কথা উঠলেই!

 

তথাপি আমার কানে পাকে তালগোল

বুকে এসে ভিড়ে ভিটেমাটিহারা শোক

জল কাঁটাতার ভেঙে চলে আসে রোল

কিসের বেগানা? সবাই আপন লোক।

 

সুদূরে বোমায় মরছে শিশু ও নারী

একই ঘটনা মাঝখানে এশিয়ার

গণতন্ত্র আজ জঙ্গলের অনুসারী

যত বড় সে যে তত বড় থাবা তার।

 

ভেঙে যায় ঘুম—উঠে বসি ফের খাটে

বেদনার সুতো বোনে ভাবনার ফাঁদ

শপথের কথা বেবাক উঠায়ে লাটে

লাল কালি দিয়ে লিখে দিই প্রতিবাদ।