রাজধানীর যেসব স্থানে জনসমাগম বেশি হয়, সেসব এলাকায় আগে থেকেই অবস্থান নিত একটি ছিনতাই চক্র। এসব এলাকায় কেউ অসতর্কভাবে মোবাইল ফোন ব্যবহার করলে সুযোগ হাতছাড়া করত না চক্রটির সদস্যরা। কিছু বুঝে ওঠার আগেই মোবাইল নিয়ে পালাত তারা। প্রথমে মোবাইল ফোনগুলোর আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর পরিবর্তন করা হতো। এরপর অভিজাত মার্কেটগুলোর অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করত চক্রটির সদস্যরা।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বুধবার রাতে শাহবাগের ফনিক্স রোড এলাকা থেকে এ চক্রের ১৪ সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের ১৮৩টি মোবাইল ফোন সেট। গ্রেফতারকৃতরা হচ্ছে- মনির হোসেন, সোহেল মিয়া, হযরত আলী, সবুজ, জাহাঙ্গীর হোসেন, মফিজুল্লাহ, ইমন মিয়া, আনোয়ার হোসেন ওয়াসিম হোসেন, রুবেল হোসেন, তোফাজ্জল হোসেন, আমিন, আতিকুল ইসলাম ও তরিকুল ইসলাম বাবু । বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
তিনি বলেন, রাজধানীর গুলিস্তান, ফুলবাড়িয়া, গোলাপ শাহ মাজার ও মুগদা বাসস্ট্যান্ডসহ অন্যান্য ব্যস্ততম মোড়ে চক্রটি ছোঁ মেরে মোবাইল ছিনতাই করত। ছিনতাইয়ের পর নির্দিষ্ট মোবাইল সার্ভিসিংয়ের দোকানে গিয়ে আইএমইআই নম্বর পরিবর্তন করা হতো। এরপর মোবাইলগুলো বিভিন্ন অভিজাত মার্কেটের অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আইফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করা যায় কি না এমন প্রশ্নের জবাবে সিআইডির এ কর্মকর্তা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি। তবে তারা প্রায় সব মোবাইলেরই আইএমইআই নম্বর পরিবর্তন করত। ক্রেতাদের সতর্ক করে সিআইডির এ কর্মকর্তা বলেন, অনুমোদিত ডিলার ও শোরুম থেকে মোবাইল ফোন কিনতে হবে।
ইত্তেফাক/এসআই