পৃথক জায়গায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
খুলনা অফিস ও ডুমুরিয়া সংবাদদাতা : ডুমুরিয়া উপজেলায় বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় লতিফা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। ডুমুরিয়া উপজেলার সাহস গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিফা বেগম ডুমুরিয়া উপজেলা সদরের হোটেল ব্যবসায়ী আব্দুল হালিম সরদারের স্ত্রী। ছেলের মোটরসাইকেলের পেছনে বসে আত্মীয়দের দাওয়াত দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন জানান, বালুভর্তি একটি ট্রলিকে সাইড দেওয়ার সময় লতিফা বেগম মোটরসাইকেল থেকে পড়লে ট্রলির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা : ফরিদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেকজন। বৃহস্পতিবার সকালে উপজেলার মাজাট গ্রামের মৃত নিতৃ প্রাং এর ছেলে রাজু হোসেন (১৯) এবং তার বন্ধু খাগুড়িয়া গ্রামের মনছুর প্রাং এর ছেলে অনিক হোসেন (১৯) সাইকেলে চড়ে ফরিদপুর বাজারে যাচ্ছিল। টিয়াপাড়ার কাছে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা পল্লী বিদ্যুতের পোল বহনকারী ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাজু হোসেন মারা যায়। রাজু ও অনিক উপজেলার আলহাজ শামসুর রহমান মডেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, ট্রাক্টর ও চালক নুরুল ইসলামকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।