বেলারুশে পণ্য রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত সুবিধা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বেলারুশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের বাণিজ্যক্ষেত্রে বড় ব্যবধান রয়েছে। গত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ বেলারুশে রপ্তানি করেছে ৪৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার (৩৮ কোটি টাকা) মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করেছে ১৪ কোটি ৭৩ লাখ ডলার (১২৫২ কোটি টাকা) মূল্যের পণ্য। বাংলাদেশের তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য এবং ওষুধ রপ্তানির ক্ষেত্রে বিপুল সম্ভাবনা আছে; কিন্তু শুল্ক জটিলতার কারণে  প্রত্যাশা মোতাবেক রপ্তানি করা সম্ভব হচ্ছে না। বেলারুশ সরকার এসব পণ্য রপ্তানিতে বাংলাদেশকে শুল্ক ও কোটামুক্ত বাণিজ্যসুবিধা প্রদান করলে বাংলাদেশের রপ্তানি অনেক বাড়বে। 

বাণিজ্যমন্ত্রী গতকাল ঢাকায় সফররত রেলারুশের শিল্পবিষয়ক উপমন্ত্রী ডিমিট্রি হ্যারিনটনচিকের নেতৃত্ব আগত প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

সফররত বেলারুশেন শিল্প উপমন্ত্রী বলেন, বেলারুশ বাংলাদেশের সঙ্গ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। বাংলাদেশ বেলারুশের গুরুত্বপূর্ণ ব্যাবসায়িক অংশীদার। শুল্ক জটিলতা সমাধানে বেলারুশ সরকার কাজ করছে। বেলারুশ বাংলাদেশে পারমাণবিক বিদ্যুত্ খাত, গ্রিন ট্রান্সপোর্ট সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগ করতে আগ্রহী। কৃষিভিত্তিক যন্ত্রপাতি উত্পাদন, প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃষি ম্যাকানিকাল খাতে যৌথ উদ্যোগে কাজ করতে চায় বেলারুশ।