নবাবগঞ্জে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নবাবগঞ্জে জাহিদ হাসান হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। গতকাল বান্দুরা বাসস্ট্যান্ডের সড়কে তারা এ মানববন্ধন করেন। নিহত জাহিদ উপজেলার পুরাতন বান্দুরা গ্রামের মো. আফছার উদ্দিন ও ঝিলু বেগমের একমাত্র ছেলে। মানববন্ধনে জাহিদের মা ঝিলু বেগম বলেন, ‘কোনো কারণ ছাড়াই ওরা আমার একমাত্র সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। আমি ওদের ফাঁসি চাই।’ গত ১২ মার্চ রাতে পুরাতন বান্দুরা এলাকায় জাহিদসহ আরো তিন জনকে কুপিয়ে জখম করে স্থানীয় বখাটেরা। চিকিত্সাধীন অবস্থায় ১৫ মার্চ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান জাহিদ। এ ঘটনায় তার বাবা আফছার উদ্দিন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করলেও গতকাল পর্যন্ত আসামি গ্রেফতার হয়নি।