করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান আইজিপির

পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা না মেনে চলায় আবার আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণের আকস্মিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তিনি। গতকাল রাজারবাগে পুলিশ অডিটরিয়ামে আয়োজিত কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে করোনা সচেতনতাবিষয়ক প্রেস ব্রিফিংয়ে দেশবাসীকে এমন আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, ‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’—এই স্লোগানে ২১ মার্চ থেকে দেশব্যাপী জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করছে পুলিশ। উক্ত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।