৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে হবে ডিজিটাল ল্যাব

দেশের ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপসহ নানা সরঞ্জাম বিতরণে ৪৮৭ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে একটি ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। অনুমোদিত ক্রয় প্রস্তাব অনুযায়ী, ৮৫ হাজার ল্যাপটপ ছাড়াও ৫ হাজার ওয়েবক্যাম, ৫ হাজার রাউটার এবং ৫ হাজার নেটওয়ার্ক সুইচসহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সামগ্রী সংগ্রহ, সরবরাহ ও স্থাপন করা হবে।

গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল পদ্ধতিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের বলেন, ক্রয় চুক্তিতে টেলিফোন শিল্প সংস্থাসহ কয়েকটি প্রতিষ্ঠান আছে। সর্বনিম্ন দর যাচাই করে সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় গণপূর্ত অধিদপ্তরের অধীনে ‘অফিসার্স ক্লাব, ঢাকা-এর ক্যাম্পাসে বহুতল ভবন নির্মাণ’ প্রকল্পের দুটি প্যাকেজের পূর্ত কাজে ক্রয় প্রস্তাব অনুমোদ দেওয়া হয়েছে। ক্রয় কমিটির আগে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেমসহ অন্যান্য যন্ত্রপাতি সরকারি অর্থায়নের পরিবর্তে সংস্থার নিজস্ব অর্থায়নে ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়।