ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) বলেছেন, রাজনীতিতে যদি কোনো শক্তি থাকে তবে তা হলো জনগণ। তার পরে আর কেউ নেই। আমি কিন্তু ভাই বা বড় নেতা বলতে কিছু চিনি না। আমার রাজনীতিতে উত্থান হয়েছে, বড় এক নেতার পতনের মধ্য দিয়ে, যাকে দক্ষিণ বঙ্গের সিংহপুরুষ বলে লোকে জানত। সেই নেতাকে বিড়ালের মতো ভেঙেচুরে যেতে হয়েছে। এটাই জনগণের শক্তি। তিনি আরো বলেন, ফরিদপুরের বিশাল এক নেতা, যে নেতার জন্য ফরিদপুরের আওয়ামী লীগের মানুষ নির্যাতিত হয়েছে, সেই নেতারও কিন্তু একদিন পতন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট শহীদ সরদার গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লার সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর পৌর মেয়র নাজমা রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিপন গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম প্রমুখ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।