ইমার্জিংয়ের মোড়কে জাতীয় দল

করোনার ধাক্কা কাটিয়ে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিল নারী ক্রিকেটাররা। তারপর থেকে সিলেটে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে হোম সিরিজের জন্য নিবিড় অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ নারী দল। পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আগামী ২৮ মার্চ ঢাকায় আসছে প্রোটিয়া নারী দল। হোম সিরিজের জন্য গতকাল ২২ সদস্যের বাংলাদেশ ইমার্জিং দল ঘোষণা করেছে বিসিবি। যদিও ইমার্জিংয়ের মোড়কে আসলে জাতীয় দলই খেলবে। দলের অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতিকে। তার নেতৃত্বে ইমার্জিং দলে রাখা হয়েছে অভিজ্ঞ সালমা খাতুন, জাহানারা আলম, পান্না ঘোষ, রুমানা আহমেদরা।

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৮ মার্চ ঢাকায় নেমে বিমানবন্দর থেকেই সিলেটে চলে যাবে প্রোটিয়া নারী দল। সেদিনই তাদের প্রথম করোনা পরীক্ষা হবে। পরে তিন দিন কোয়ারেন্টাইন। ৩১ মার্চ দ্বিতীয় করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেলে ১ এপ্রিল থেকে অনুশীলন করবে সফরকারীরা।

বাংলাদেশ ইমার্জিং নারী দল :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুবাইয়া হায়দার ঝিলিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, নুজহাত তাসনিয়া টুম্পা, রাবেয়া, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, শবনম মোস্তারি, শারমিন সুলতানা, রিতু মনি, দিশা বিশ্বাস, ফারজানা হক পিংকি, সুরাইয়া আজমিন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, শামীমা সুলতানা, খাদিজা তুল কোবরা, রুমানা আহমেদ, সালমা খাতুন, নাহিদা আক্তার ও পান্না ঘোষ।