বিএনপির রাজনীতি মানুষের আস্থা ও বিশ্বাসের শেকড় থেকে বিচ্ছিন্ন :কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি এখন জনমানুষের আস্থা ও বিশ্বাসের শেকড় থেকে বিচ্ছিন্ন। গণতন্ত্রের কথা মুখে যতই বলুক বিএনপিই গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথকে বাধাগ্রস্ত করছে নানা কৌশলে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তার নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের কেউ কেউ বক্তব্য প্রদানের নামে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। রাজশাহীতে তাদের একনেতা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর হুমকি দিয়েছেন। বিএনপির কাছে জানতে চাওয়া হয়েছিল এ বক্তব্য দলীয় বক্তব্য কি না? কিন্তু বিএনপি নেতারা জবাব না দিয়ে মৌনতা অবলম্বন করে প্রকারান্তরে দলীয় সমর্থনের বিষয়টিই স্পষ্ট করছে।

‘দেশ কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছে’ মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে দেশ নয়, কঠিন সমস্যার মধ্য দিয়ে চলছে বিএনপির রাজনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি বিএনপির ফ্যাসিবাদি রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ। এ হুমকি আবারও তাদের হত্যা ও খুনের রাজনীতির পরিচয়কে স্পষ্ট করেছে এবং স্পষ্ট করেছে ১৫ ও ২১ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সাক্ষাত্ শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। বৈঠকে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা হয় বলে জানান মন্ত্রী।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কৃত্রিম দেওয়াল রচিত হয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দীর্ঘসময় পর শেখ হাসিনা সরকার প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণের পর সম্পর্কের নতুন সেতুবন্ধ রচিত হয়। দীর্ঘদিনের সীমান্ত চুক্তিসহ ছিটমহল বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনে ইতিমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি বিজেপি নেতা হিসেবে নন, তিনি বাংলাদেশ সফরে আসছেন প্রধানমন্ত্রী হিসেবে।