যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সরকারি বাসভবনের বাইরে থেকে সশস্ত্র এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াশিংটনের মেট্রোপলিটন পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার সিএনএনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ১২ মিনিটের দিকে টেক্সাস থেকে আসা একটি ইন্টেলিজেন্স বুলেটিনের সূত্র ধরে ইউএস সিক্রেট সার্ভিস সন্দেহভাজন ঐ যুবককে গ্রেফতার করে। ঐ ব্যক্তির নাম পল মারে। তার বয়স ৩১ বছর।
ডিসি পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তি স্যান এন্টনিওর বাসিন্দা। তার সঙ্গে ছিল একটি এআর ১৫ সেমি-অটোমেটিক রাইফেল, ১১৩ রাউন্ড অনিবন্ধনকৃত গুলি ও পাঁচটি ৩০ রাউন্ডের ম্যাগাজিন। মারেকে বিপদজ্জনক অস্ত্র বহন, অনুমোদিত ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে রাইফেল কিংবা শটগান বহন করা, অনিবন্ধনকৃত গুলি ও বেশি ধারণক্ষমতার ম্যাগাজিন রাখা ইত্যাদি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ইউএস সিক্রেট সার্ভিস জানিয়েছে, মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে ইউনিফর্ম পরিহিত ডিভিশন অফিসাররা সন্দেহভাজন ঐ ব্যক্তিকে আটক করে। এজেন্সি যাদের নিরাপত্তা দেয় তাদের কেউ সে সময় বাড়িতে ছিলেন না।
যুক্তরাষ্ট্রে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের বাসার আশপাশ থেকে অস্ত্রসহ সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে আটক করার ঘটনা ঘটেছে। এমনকি হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনি টপকেও অস্ত্রসহ ভেতরে ঢুকে পড়ার ঘটনাও বিরল নয়।