নিজেদের ক্রিকেট ইতিহাসে নিউজিল্যান্ডের মাটিতে কখনোই জিতেনি বাংলাদেশ দল। তিন ফরম্যাটে ২৬ ম্যাচ খেলেও জয় পায়নি টাইগাররা। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে, টি-২০ খেলবে বাংলাদেশ দল। এই সফরে নিউজিল্যান্ডে জয়ের খাতা খোলার আশা করছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। অতীতে বাংলাদেশের কোনো দলই যেটি করতে পারেনি।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ২০ মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে তামিম ইকবালের দল। ম্যাচ শুরু হবে নিউজিল্যান্ড সময় বেলা ১১টায়। যা বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ভোর ৪টা।
নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন পুরো সিরিজেই থাকবেন না স্বাগতিক শিবিরে। প্রথম ওয়ানডেতে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর। যার ফলে জয়ের বড় সুযোগ দেখছে বাংলাদেশ। গত তিন সপ্তাহ নিউজিল্যান্ডে অবস্থান করা টাইগারদের প্রস্তুতি খারাপ হয়নি। কন্ডিশনে মানিয়ে নেওয়ার কাজটা করেছেন তামিমরা। তাতেই জয়ের নেশায় বিভোর ডমিঙ্গো। গতকাল এ প্রোটিয়া কোচ বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। বাংলাদেশের অন্যান্য দল আগে যা করতে পারেনি, এবার তা করে দেখানোর। আমরা সবাই মুখিয়ে আছি।’
ডমিঙ্গোর মতে, অন্য দুই ফরম্যাটের চেয়ে ওয়ানডেতেই বেশি শক্তিশালী বাংলাদেশ দল। গতকাল স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি মনে করি, ৫০ ওভারের ক্রিকেট আমাদের শক্তির জায়গা। আপনি বিশ্বকাপের পারফরম্যান্স বা খেলোয়াড়দের গড় দেখেন। ওয়ানডে ক্রিকেটে আমাদের ভালো পরিসংখ্যান রয়েছে।’
সাকিব আল হাসান না থাকলেও জয়ের জন্য আশাবাদী বাংলাদেশ শিবির। মুস্তাফিজ, সাইফউদ্দিনদের সঙ্গে তরুণ দ্রুতগতির ফাস্ট বোলার হাসান মাহমুদ, শরীফুলদের নিয়ে গড়া পেস বোলিং ইউনিট উদ্দীপ্ত করছে টাইগারদের। তাদের সঙ্গে ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারলে জয় অসম্ভব হবে না।